বিধানসভায় আচমকা লিয়েন্ডার পেজ, রাজ্যসভার টিকিট নাকি অলিম্পিক মিশনের বড় দায়িত্ব!
বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আচমকা পশ্চিমবঙ্গ বিধানসভায় হাজির হয়ে রাজনৈতিক মহলে জল্পনা উসকে দিলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার বিধানসভায় পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। পরে বিধায়কদের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক ঘিরে রাজনীতির অন্দরমহলে নতুন সমীকরণের ইঙ্গিত তৈরি হয়েছে। অতীতে নির্বাচনে বিজেপিতে যোগ দিলেও ভোটের ময়দানে প্রার্থী না হওয়া লিয়েন্ডারের বর্তমান এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
রাজ্যের তিনটি রাজ্যসভা আসন শূন্য হওয়ার প্রেক্ষাপটে লিয়েন্ডারের এই বিধানসভা যাত্রা তাঁর রাজ্যসভায় মনোনয়নের সম্ভাবনাকে জোরালো করেছে। পাশাপাশি, ২০৩৬ সালের অলিম্পিক গেমসকে সামনে রেখে ভারত সরকারের ‘মিশন অলিম্পিক ২০৩৬’-এ লিয়েন্ডারের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগানোর চিন্তাভাবনাও রয়েছে দলের অন্দরে। বিজেপিতে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্তরে কোনো বড় দায়িত্ব না পাওয়া লিয়েন্ডার পেজকে এবার হয়তো রাজ্যসভা কিংবা ক্রীড়া প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ পদে বড় ভূমিকায় দেখা যেতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে।