স্কুলে এবার গায়ত্রী মন্ত্র ও সরস্বতী বন্দনা বাধ্যতামূলক, ছত্তীসগড়ে তুঙ্গে বিতর্ক!

ছত্তীসগড়ের সমস্ত সরকারি স্কুলে প্রতিদিনের প্রার্থনা সভা এবং মিড-ডে মিলের আগে বৈদিক মন্ত্র, গায়ত্রী মন্ত্র ও সরস্বতী বন্দনা আবৃত্তি বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষা দফতরের জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় সংগীত ও জাতীয় গানের পাশাপাশি এখন থেকে ‘দীপ মন্ত্র’, ‘গুরু মন্ত্র’ এবং ‘ভোজন মন্ত্র’ পাঠ করতে হবে। এছাড়া স্কুলের নির্দিষ্ট রুটিন অনুযায়ী ঐতিহাসিক ব্যক্তিত্বদের জীবনী পাঠ এবং স্কুল ছুটির আগে রাজ্য সংগীত গাওয়ার পাশাপাশি শান্তি মন্ত্র উচ্চারণ বাধ্যতামূলক করা হয়েছে। ১৬ জুন ‘শালা প্রবেশ উৎসব’-এর মাধ্যমে শুরু হওয়া এই নতুন নিয়ম ঘিরে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

সরকারি স্কুলের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। কংগ্রেসের দাবি, সরকার সরকারি শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ‘গেরুয়াকরণ’ করার চেষ্টা করছে এবং এই ধরনের নির্দেশিকা সংবিধানবিরোধী ও স্কুলের ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপন্থী। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী গজেন্দ্র যাদব জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *