টাটার বড় বিপদ! গোপন তথ্য চুরির দায়ে টিসিএস-কে ১৮০০ কোটির জরিমানা!
ব্যবসায়িক তথ্য চুরির মামলায় মার্কিন সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল টিসিএস
‘ট্রেড সিক্রেট’ বা ব্যবসায়িক গোপন তথ্য চুরির একটি দীর্ঘস্থায়ী মামলায় ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর পুনর্বিবেচনার আপিল সরাসরি খারিজ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তের ফলে টিসিএস-কে প্রায় ২২০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১,৮০০ কোটি টাকারও বেশি) আর্থিক জরিমানা গুনতে হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, মূল জরিমানার পাশাপাশি ৭০ মিলিয়ন ডলার এককালীন খরচ বাবদ মেটানোর ফলে তাদের মোট আর্থিক ক্ষতির পরিমাণ ২২০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
মামলাটির সূত্রপাত ১৯৯০-এর দশকে, যখন ‘কম্পিউটার সায়েন্সেস কর্পোরেশন’ (সিএসসি) বিমা সংস্থা ‘ট্রান্সআমেরিকা’-কে নিজস্ব সফটওয়্যার ব্যবহারের লাইসেন্স দেয়। পরবর্তীতে টিসিএস ট্রান্সআমেরিকার ২,২০০ জন কর্মীকে নিয়োগ করে সিএসসির গোপন সফটওয়্যার ও প্রযুক্তিগত তথ্য হাতিয়ে নেয় এবং তা ব্যবহার করে নিজস্ব প্রতিযোগী প্ল্যাটফর্ম তৈরির অভিযোগ ওঠে। ২০১৯ সালে এই নিয়ে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে ২০২৩ সালে মার্কিন জুরি বোর্ড টিসিএসকে দোষী সাব্যস্ত করে। সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের এই রায় বহাল রাখায় দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটল। টিসিএস এই তথ্য চুরির অভিযোগ অস্বীকার করলেও আদালতের চূড়ান্ত রায়ে তাদের এখন বিপুল পরিমাণ অর্থ জরিমানা হিসেবে দিতে হচ্ছে।