নিয়োগ দুর্নীতিতে বিপাকে সুজিত বসু, জেলমুক্তির পথে বিশাল বাধা!
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন সোমবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আপত্তির মুখে পড়ে বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করা হয়েছে এবং ইডিকে ২৯ জুনের মধ্যে তাদের পাল্টা যুক্তি পেশ করতে বলা হয়েছে।
শুনানি চলাকালীন সুজিত বসুর আইনজীবী অভিষেক মনু সিংভি দীর্ঘ তদন্তের সময়সীমা এবং হঠাৎ গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। পাল্টা জবাবে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী মামলার বিষয়ে জবাবদিহি পেশের জন্য আদালতের কাছে সময় চেয়ে নেন। উল্লেখ্য, দমদম পুরসভায় অবৈধভাবে শতাধিক চাকরিপ্রার্থীর নাম সুপারিশ এবং এর সাথে জড়িত আর্থিক লেনদেনের অভিযোগেই গত ১১ মে ইডির হাতে গ্রেপ্তার হন সুজিত বসু। বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁর সমস্ত আর্থিক নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন।