ভুল প্যান দিলেই ১০,০০০ টাকা জরিমানা, বড় লেনদেনের আগে সাবধান!
আর্থিক লেনদেনে প্যান কার্ড ব্যবহার বাধ্যতামূলক: নিয়ম না মানলে ১০ হাজার টাকা জরিমানার সতর্কতা
কলকাতা: সম্পত্তি কেনাবেচা থেকে শুরু করে গাড়ি কেনা বা বড় অঙ্কের কেনাকাটার মতো একাধিক ক্ষেত্রে প্যান কার্ড ব্যবহার বাধ্যতামূলক করেছে আয়কর দফতর। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে এবং নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে আয়কর বিভাগ। নিয়ম অনুযায়ী, ২০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনাবেচা, ২ লক্ষ টাকার বেশি পণ্য বা পরিষেবা ক্রয়, ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কেনা, ১ লক্ষ টাকার বেশি অ-তালিকাভুক্ত (Unlisted) শেয়ার লেনদেন এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে প্যান কার্ডের তথ্য দেওয়া আবশ্যক।
আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, কোনো লেনদেনের সময় ভুল বা নকল প্যান নম্বর ব্যবহার করলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি যথাযথ তথ্য প্রদান না করলে কর ছাড়ের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে এবং আয়কর দফতরের কঠোর তদন্তের মুখে পড়ার আশঙ্কাও রয়েছে। উল্লেখ্য, প্যান কার্ডের মাধ্যমে করা প্রতিটি বড় লেনদেনের তথ্য আয়কর দফতরের ‘এআইএস’ (AIS) এবং ‘ফর্ম ২৬এএস’-এ (Form 26AS) নথিভুক্ত থাকে, তাই যেকোনো আর্থিক লেনদেনের সময় সঠিক প্যান তথ্য প্রদান করা বাধ্যতামূলক।