আগামী ৩০ বছরেই বিশ্বনেতা ভারত! বড় ভবিষ্যদ্বাণী মোহন ভাগবতের
হিরো এন্টারপ্রাইজ আয়োজিত ১৮তম বিএমএল মুঞ্জল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, সুপ্রাচীন সভ্যতার মূল্যবোধের ওপর ভিত্তি করেই ভারত ভবিষ্যতে বিশ্বমঞ্চের অন্যতম নেতা হয়ে উঠতে পারে। তবে ভারত এখনই ‘বিশ্বগুরু’ হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে মন্তব্য করে তিনি আত্মসমীক্ষার ওপর জোর দেন। আরএসএস প্রধানের মতে, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে ভারত নিশ্চিতভাবে বিশ্বনেতা হিসেবে আত্মপ্রকাশ করবে। এ লক্ষ্যে তিনি দেশের যুবসমাজকে নিঃস্বার্থ সেবা, দেশপ্রেম ও চারিত্রিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
পরিবেশ রক্ষা ও সম্পদ বণ্টনের বিষয়েও বিশেষ সতর্কবার্তা দিয়েছেন মোহন ভাগবত। তিনি উন্নত দেশগুলোর ভোগবাদী জীবনযাত্রার অন্ধ অনুকরণ না করার পরামর্শ দিয়ে বলেন, ভারতের মানুষ আমেরিকার মতো মাত্রাতিরিক্ত বিলাসিতায় অভ্যস্ত হলে পৃথিবীর সম্পদ পর্যাপ্ত হবে না। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সম্পদ মুষ্টিমেয় পুঁজিপতির হাতে কুক্ষিগত না রেখে সমাজের সব স্তরে ন্যায্য বণ্টন এবং শারীরিক শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার ওপর তিনি জোর দেন। এছাড়া ভারত প্রতিবেশী দেশগুলোর সংকটে যেভাবে মানবিক সাহায্য নিয়ে পাশে দাঁড়ায়, তা চীনের অর্থনৈতিক ঋণের ফাঁদ থেকে আলাদা বলে তিনি দাবি করেন। একটি সমৃদ্ধ ও টেকসই ভারত গড়তে সব রাজনৈতিক দল ও নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।