বিহারে তোলপাড় নীতীশপুত্রকে ঘিরে!
নিশান্ত কুমারকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা প্রদান, রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমারকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। এই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। আরজেডি ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলো সরকারের এই পদক্ষেপের সমোলোচনা করে একে ‘জনগণের অর্থের অপচয়’ এবং ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছে।
নিরাপত্তা বৈষম্য ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন
আরজেডি মুখপাত্র শক্তি সিং যাদব এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন, কোটি মানুষের সমর্থনপুষ্ট নেতা তেজস্বী যাদবকে বারবার অনুরোধেও ‘জেড প্লাস’ নিরাপত্তা দেওয়া হচ্ছে না, অথচ নিশান্ত কুমার কোনো রাজনৈতিক পদে না থেকেও কেবলমাত্র মুখ্যমন্ত্রীর পুত্র হওয়ার কারণে এমন উচ্চমানের নিরাপত্তা পাচ্ছেন। তিনি একে ‘নিরাপত্তা খয়রাত’ বলে মন্তব্য করেন। অন্যদিকে, কংগ্রেস এই ঘটনায় নীতীশ কুমারকে নিশানা করে, পাশাপাশি বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। বিহার কংগ্রেসের মুখপাত্র ড. স্নেহাশিষ বর্ধন জানতে চেয়েছেন, নিশান্ত কুমার কি এমন কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রয়েছেন যে তাঁর জন্য করদাতাদের অর্থ ব্যয় করা হবে? বিরোধীদের সন্দেহ, এই নিরাপত্তার আড়ালে বিজেপির নির্দেশে নিশান্তের উপর নজরদারি চালানোর একটি প্রচেষ্টা রয়েছে। এই ঘটনা রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে।