২০৩১-এ ৪৪১ আসনে বিধানসভা ভোট, বিল পাশ হলেই বদলে যাবে বাংলার রাজনীতি!
বর্তমান ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সংবিধানের ১৩১তম সংশোধনী বিল অনুযায়ী, ভবিষ্যতে পশ্চিমবঙ্গ বিধানসভার আসন সংখ্যা ২৯৪ থেকে বেড়ে ৪৪১ হতে পারে। লোকসভা ও রাজ্য বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সরকার তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে। এই পরিবর্তন কার্যকর হলে ২০২৬ সালের পর থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নতুন কাঠামোয় অনুষ্ঠিত হবে, যেখানে আসন সংখ্যা ১৪৭টি বৃদ্ধি পাবে।
লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করা এবং মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করাই এই সংশোধনীগুলোর মূল লক্ষ্য। সংসদীয় মন্ত্রী কিরেন রিজেজু জানিয়েছেন, ১৯৭১ সালের তুলনায় বর্তমান জনসংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ায় জনপ্রতিনিধিত্বের ভারসাম্য রক্ষার জন্য আসন পুনর্বিন্যাস জরুরি। তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলো এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, জনসংখ্যার ভিত্তিতে আসন বাড়ানো হলে দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব হ্রাস পাবে, যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।