ভারতকে আর ছাড় নয়! রাশিয়া-ইরান তেল নিয়ে মোদী সরকারকে কড়া বার্তা আমেরিকার
বর্তমান ডেস্কঃ
রাশিয়া ও ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে ভারতসহ অন্যান্য দেশকে দেওয়া সাময়িক ছাড়ের মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, গত ৬ মার্চ দেওয়া রাশিয়ার তেল আমদানির ছাড়ের মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়েছে এবং ইরানের ক্ষেত্রে এই সময়সীমা শেষ হচ্ছে আগামী ১৯ এপ্রিল। নিষেধাজ্ঞার মেয়াদ আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।
এই সিদ্ধান্তের ফলে ভারতের তেল শোধনাগারগুলো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। রুশ ও ইরানি তেলের ওপর নির্ভরশীলতা থাকায় দেশটিতে জ্বালানি সংকটসহ পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে অভ্যন্তরীণ বাজারে দ্রব্যমূল্যের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অচলাবস্থা নিরসনে কোনো সমঝোতা না হওয়ায় পরিস্থিতির গুরুত্ব আরও বেড়েছে।