৭২ ঘণ্টার মধ্যে তিনবার জেরা! সিআইডি-ইডি চক্রে কোন পথে অভিষেক?
কলকাতা: গত তিন দিনে তিন পৃথক মামলায় কেন্দ্রীয় ও রাজ্যের তদন্তকারীদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ‘ডিজে’ বাজানো সংক্রান্ত একটি মন্তব্যের জেরে সিআইডি-র তলবে ভবানী ভবনে হাজিরা দেন তিনি। টানা সাড়ে ছ’ঘণ্টা জেরার পর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। সিআইডির জেরার মুখে অভিষেক জানিয়েছেন, তিনি কোনো উস্কানি দেওয়ার উদ্দেশ্যে এই মন্তব্য করেননি। রাজনৈতিক প্রচারের অঙ্গ হিসেবে দলীয় কর্মীদের সাহস জোগাতে তিনি ওই মন্তব্য করেছিলেন।
ভোটগণনা পরবর্তী পরিস্থিতি নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদের করা এক মন্তব্যের জেরে সল্টলেকের সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার সূত্র ধরে শুক্রবার তাঁর বাসভবনে নোটিশ পাঠানো হয় এবং সেই অনুযায়ীই মঙ্গলবার তিনি ভবানী ভবনে হাজিরা দেন। উল্লেখ্য, গত ৭২ ঘণ্টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধারাবাহিকভাবে তিন দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এর আগে রবিবার বিধানসভায় সই জাল মামলার তদন্তে সিআইডির মুখোমুখি হয়েছিলেন তিনি। এরপর সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে তাঁকে টানা ১১ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়।