৩৯ সেকেন্ডে তছনছ ভেনেজুয়েলা! ভূমিকম্পে প্রাণ গেল ৩২ জনের, আতঙ্ক তুঙ্গে
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হওয়ার পর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় আঘাতটি আসে। রিখটার স্কেলে কম্পন দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.২ ও ৭.৫। রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে মোরোন এলাকায় ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র। ভূ-পৃষ্ঠের মাত্র ২২ কিলোমিটার গভীরে আঘাত হানা এই দুর্যোগের পর ওই অঞ্চলে অন্তত ২০ বার আফটারশক অনুভূত হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৭০০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। তবে মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস (USGS)-এর সতর্কবার্তা অনুযায়ী, মৃতের প্রকৃত সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত পৌঁছাতে পারে। লা গুয়াইরা প্রদেশকে চরম বিপর্যয়গ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া ভালেন্সিয়া, বারুতা, ট্রুজিলো ও আরাগুয়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে, তবে ধসে পড়া বহুতল ভবনের নিচে আরও মানুষ আটকে থাকায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।