কাজ না পারলে ইস্তফা দিন! মন্ত্রীর কড়া পোস্টে তোলপাড় শ্রীরামপুর-রিষড়া
হুগলির শ্রীরামপুর ও রিষড়া পুরসভার পুরপ্রধানদের কাজের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে সরাসরি পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী তথা শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি স্পষ্ট জানান, পুরসভার নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুরপ্রধানদের স্বেচ্ছায় সরে যেতে হবে। এলাকায় কোনো ধরনের অনিয়ম বা মানুষের অসুবিধা বর্তমান সরকার বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নাগরিক পরিষেবা নিয়ে লাগাতার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতেই মন্ত্রী এই কড়া অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। বিধায়কের অভিযোগ, তিনি নিজে দুই পুরসভায় গিয়ে সহযোগিতা ও কাজের গতি বাড়ানোর বার্তা দিলেও পুর কর্তৃপক্ষ তা গুরুত্ব দেয়নি। বিশেষ করে রিষড়া এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভ বাড়তে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা জানিয়েছেন, তাঁরা দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছেন এবং প্রয়োজনে বিধায়কের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।