কাজ না পারলে এখনই ইস্তফা দিন! মন্ত্রীর কড়া বার্তার জেরে শোরগোল রাজ্যে
শ্রীরামপুর ও রিষড়া পুরসভার পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই পুরপ্রধানকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী ও শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করা এক পোস্টে মন্ত্রী সাফ জানিয়েছেন, পুর পরিষেবা প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুরপ্রধানদের স্বেচ্ছায় সরে যেতে হবে। এলাকায় কোনো ধরনের অনিয়ম বা মানুষের অসুবিধা সরকার বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মন্ত্রীয় এই বার্তার পর দুই পুর এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মানুষের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিলেও রিষড়াসহ বিভিন্ন এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে ক্রমাগত অভিযোগ উঠছে। তাঁর দাবি, তিনি সহযোগিতা করতে চাইলেও অনেকে তাকে দুর্বলতা হিসেবে দেখছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করে তিনি দায়বদ্ধতার ওপর জোর দিয়েছেন। এই বিষয়ে শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা জানিয়েছেন, তাঁরা মন্ত্রীর সাথে যোগাযোগ রেখে কাজ করছেন এবং পরিষেবা প্রদানের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পদত্যাগের বিষয়টি নিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনার পাশাপাশি প্রয়োজনে বিধায়কের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন।