২২ বছর খেটে মাসে মাত্র ২০০০ টাকা! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এবার মিড-ডে মিল কর্মীরা
২২ বছর ধরে কেন্দ্রের মিড-ডে মিল প্রকল্পে কর্মরত রাজ্যের রন্ধনকর্মীরা মাত্র ২০০০ টাকা মাসিক বেতনের প্রতিবাদে এবং বেতন বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছেন। আসন্ন রাজ্য বাজেটে আর্থিক সুরাহার দাবি জানিয়ে ‘পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী (মিড-ডে মিল) ইউনিয়ন’-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। ইউনিয়ন নেতৃবৃন্দের মতে, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য বেতনে জীবনধারণ কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
রন্ধনকর্মীদের পক্ষ থেকে উত্থাপিত দাবিসমূহের মধ্যে রয়েছে বছরে ১২ মাসেরই সম্পূর্ণ বেতন প্রদান, বয়স্ক কর্মীদের জন্য অবসরকালীন সুবিধার ব্যবস্থা এবং অন্যান্য কর্মীদের মতো ৫,০০০ টাকা উৎসব ভাতা বা বোনাস প্রদান। দীর্ঘদিনের অবহেলিত এই কর্মীদের এই দাবিগুলো সরকার আসন্ন বাজেটে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, এখন সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন হাজার হাজার রন্ধনকর্মী।