ময়নগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা! ট্রাকের পেছনে সজোরে ধাক্কা, মৃত ৫

জলপাইগুড়ির ময়নাগুড়িতে রবিবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩৯ জন যাত্রী আহত হয়েছেন। উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটির চাকা নষ্ট হয়ে যাওয়ায় সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে যাত্রীদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে শুভঙ্কর শীল (৩২), পম্পা দাস সাহা (২৬), যমুনা রায় (৪৯) ও সজল সরকার (২৬)-এর পরিচয় পাওয়া গেছে, তবে অপর একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহত ৩৯ জনকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জন আইসিইউ-তে চিকিৎসাধীন। আহতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১২ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে, যার মধ্যে ৩ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকল বাহিনীর তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *