২১ জুন রেড রোডে মোদীর যোগা, যান চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত পুলিশের!
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত মেগা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৫ মিনিট ব্যাপী এই অনুষ্ঠানের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে কলকাতা পুলিশ বিশেষ ট্র্যাফিক গাইডলাইন জারি করেছে। এর অংশ হিসেবে ১৪ জুন রাত ১০টা থেকেই রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে, যা ২১ জুন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
ট্র্যাফিক নির্দেশিকা অনুযায়ী, ২১ জুন রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শহরের প্রধান রাস্তাগুলোতে পণ্যবাহী গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সময়ে সাধারণ যান চলাচলের জন্য হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোডের একাংশ, কুইন্সওয়ে, ডাফরিন রোডসহ একাধিক রাস্তা পুরোপুরি বন্ধ থাকবে। তবে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে হাওড়া ও ডালহৌসিগামী বাস এবং দক্ষিণ কলকাতাগামী গাড়িগুলোর জন্য বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী শহরের অন্যান্য রাস্তায় সাময়িক রুট পরিবর্তনের সম্ভাবনা থাকায় যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।