১ জুলাই থেকে বাড়ছে পাসপোর্টের খরচ, পকেটে বড় চাপ সাধারণ মানুষের!
আগামী ১ জুলাই থেকে পাসপোর্টের আবেদন ও নবীকরণের ফি একযোগে বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। ১৯৮০ সালের পাসপোর্ট নিয়মে সংশোধন এনে নতুন এই ফি কাঠামো কার্যকর করা হচ্ছে। প্রশাসনিক নিয়মের আধুনিকীকরণের অংশ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তের ফলে সাধারণ ও তৎকাল—উভয় মাধ্যমেই পাসপোর্ট পাওয়ার খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যার ফলে আন্তর্জাতিক ভ্রমণকারী ও সাধারণ আবেদনকারীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে। আগামী ৩০ জুন পর্যন্ত পুরোনো ফি কাঠামো বহাল থাকবে।
নতুন নিয়মে প্রাপ্তবয়স্কদের ৩৬ পৃষ্ঠার সাধারণ পাসপোর্টের ফি ১,৫০০ টাকা থেকে বেড়ে ২,৫০০ টাকা এবং তৎকাল পরিষেবার ফি ৩,৫০০ টাকা থেকে বেড়ে ৫,০০০ টাকা হয়েছে। ৬০ পৃষ্ঠার জাম্বো পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ ফি ২,০০০ থেকে বেড়ে ৩,৫০০ টাকা এবং তৎকাল ফি ৪,০০০ থেকে বেড়ে ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে সাধারণ ফি ১,৭৫০ টাকা এবং তৎকাল ফি ৪,২৫০ টাকা ধার্য করা হয়েছে। পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে প্রাপ্তবয়স্কদের ৩৬ পৃষ্ঠার পাসপোর্টের জন্য সাধারণ ফি ৫,০০০ টাকা ও তৎকাল ফি ৭,৫০০ টাকা দিতে হবে। তবে ৬০ বছরের বেশি বয়সী নাগরিক এবং ৮ বছরের কম বয়সী শিশুদের নতুন পাসপোর্টের আবেদনে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে, যা রিনিউয়ালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া পরিচয়পত্রের ফি ১,০০০ টাকা এবং পুলিশ ক্লিয়ারেন্স ও সারেন্ডার সার্টিফিকেটের ফি ৭৫০ টাকা করা হয়েছে। বিদেশ থেকে আবেদনের ক্ষেত্রে ৩৬ পৃষ্ঠার পাসপোর্টের সাধারণ ফি ১২৫ মার্কিন ডলার এবং তৎকাল ফি ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।