কেতন খুন মামলায় এবার উজ্জ্বল নিকাম, অপরাধীর সাজা নিশ্চিত হবে কি?

২৬/১১ মুম্বাই হামলায় অভিযুক্ত আজমল কাসবের মৃত্যুদণ্ড নিশ্চিতকারী প্রবীণ আইনজীবী উজ্জ্বল নিকামকে পুনের কেতন আগরওয়াল হত্যা মামলার বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দিয়েছে মহারাষ্ট্র সরকার। গত ১৮ জুন পুনের লোহাগড় দুর্গে ২৫ বছর বয়সি কেতন আগরওয়ালকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ ওঠে। নিহতের বাবা বিশাল আগরওয়ালের আবেদনের প্রেক্ষিতে এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের অনুমোদনে এই হাইপ্রোফাইল মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্তে জানা গেছে, চলতি বছরের নভেম্বরে কেতন আগরওয়ালের সাথে বাগদত্তা সিয়া গোয়েলের বিয়ের কথা ছিল। সিয়া এই বিয়েতে অনিচ্ছুক থাকায় নিজের প্রেমিক চেতন চৌধুরীর সাথে যোগসাজশে খুনের ছক কষেছিলেন বলে পুলিশের অভিযোগ। এই মামলার বিচার ফাস্ট-ট্র্যাক আদালতে চালানোর সরকারি প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা ও প্রতিহিংসার মানসিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *