বজ্রপাত থেকে দামী ইলেকট্রনিক্স বাঁচাবেন যেভাবে!
বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সময় বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম সুরক্ষিত রাখা এবং জীবনহানির ঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বন করা জরুরি। প্রবল বজ্রপাতে টিভি, ফ্রিজ বা এসির মতো দামি বৈদ্যুতিক যন্ত্রপাতি আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি শর্ট সার্কিট থেকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই আর্থিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থাকলে বাইরে যাওয়ার আগে বৈদ্যুতিক যন্ত্রের সুইচ বন্ধ করে প্লাগ খুলে রাখা সবচেয়ে নিরাপদ। বাড়িতে থাকলে ঘন ঘন বাজ পড়ার সময় প্রধান সার্কিট ব্রেকারের সুইচ নামিয়ে দেওয়া একটি কার্যকর পদ্ধতি। এছাড়া অতিরিক্ত নিরাপত্তার জন্য ‘সার্জ প্রোটেক্টর’ ব্যবহার করা যেতে পারে। বজ্রপাত চলাকালীন মোবাইল ফোন বা ল্যাপটপ চার্জে বসানো, টিভির কেবল সংযোগ বা ওয়াই-ফাই রাউটার চালু রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জানালার পাশে বসে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং আকাশ পুরোপুরি শান্ত হলেই পুনরায় যন্ত্রপাতির প্লাগ লাগানো উচিত।