১৬ বছরের নাবালিকাকে অপহরণ ও গণধর্ষণ! সকালে বাড়ি পৌঁছে দিল অপরাধীরা
June 11, 2026
হরিয়ানার নুহ জেলায় ১৬ বছর বয়সী এক নাবালিকাকে অপহরণের পর গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ৫ জুন রাতে একদল যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একটি জঙ্গলে আটকে রেখে নির্যাতন চালায় বলে অভিযোগ। পরদিন ভোরবেলা অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি নির্যাতিতাকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়।
নির্যাতিতার বাবার অভিযোগ অনুযায়ী, শৌকিন নামের এক যুবক নাবালিকার ব্যক্তিগত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে নিয়মিত ব্ল্যাকমেইল করত। শৌকিন আগে ওই নাবালিকার বাড়ির কাছেই মুদি দোকান চালাত। ইতিমধ্যে এই ঘটনায় মহিলা থানায় পকসো (POCSO) আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত শৌকিনসহ মোট পাঁচজন এই অপরাধে জড়িত, যার মধ্যে একজন নাবালক রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ দল তল্লাশি শুরু করেছে।