ব্রাজিলের জয়ের আনন্দ দ্বিগুণ করে মাঠে ফিরছেন নেইমার!
হাইতিকে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল, আগামী ম্যাচেই নেইমারের প্রত্যাবর্তন
চলতি ফিফা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে স্বমহিমায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ের পাশাপাশি দলের ভক্তদের জন্য সুখবর দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। চোট কাটিয়ে আগামী ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার। রবিবার এককভাবে অনুশীলনের পর সোমবার থেকে তিনি দলের সাথে পুরোদমে অনুশীলন শুরু করবেন। তবে স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে পুরো ৯০ মিনিট মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা কম। নকআউট পর্ব শুরুর আগে মূলত তাকে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দিতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাফিনহার চোটের কারণে দলের কৌশলগত বিন্যাসে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ আনচেলত্তি। ভিনিসিয়স জুনিয়রকে ডান প্রান্তে এবং নেইমারকে বাঁ প্রান্তে রেখে আক্রমণভাগ সাজানোর পরিকল্পনা রয়েছে তার। নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়সের ওপর থেকে কাজের চাপ কমবে এবং ব্রাজিলের আক্রমণভাগ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।