হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারে বিপদ! ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কায় কেন্দ্র

কেন্দ্র সরকার হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। সাইবার নিরাপত্তা সংক্রান্ত সরকারি সংস্থা আইফোরসি এবং এনসিটিএইউ জানিয়েছে যে, ওয়েব সেশনের দুর্বলতাকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাট, কন্ট্যাক্ট লিস্ট এবং গ্রুপ চ্যাটের তথ্য হাতিয়ে নিতে পারে।
এই তথ্য চুরির ফলে ব্যবহারকারীর পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক মেসেজ পাঠানো বা আর্থিক জালিয়াতির মতো গুরুতর ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অফিসের কম্পিউটার, শেয়ার্ড সিস্টেম বা পাবলিক কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সাইবার অপরাধীরা এই সুযোগে ব্যবহারকারীর ছদ্মবেশ ধারণ করে ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরিচিতদের টার্গেট করতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে এবং সাইবার ঝুঁকি এড়াতে প্রতিটি সেশন ব্যবহারের পর লগ আউট করা অত্যন্ত জরুরি। সরকারি নির্দেশিকায় বেশ কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। ওয়েব সেশনের মাধ্যমে কোনো ধরনের আর্থিক, প্রাতিষ্ঠানিক বা স্পর্শকাতর তথ্য আদান-প্রদান না করাই শ্রেয়। কাজ শেষ হওয়ার পর সেশন সক্রিয় অবস্থায় ফেলে রাখা বিপজ্জনক হতে পারে। তাই প্রতিটি ব্যবহারের শেষে লগ আউট নিশ্চিত করার পাশাপাশি শেয়ার্ড ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।