নাগরাকাটায় লরি দুর্ঘটনায় প্রাণহানি: ৩ চা শ্রমিকের মৃত্যু, আহত ১১ স্কুল পড়ুয়া; উত্তেজনা চা বাগান এলাকায়

নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে সোমবার বিকেলে এক ভয়াবহ লরি দুর্ঘটনায় তিন চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১১ জন স্কুল পড়ুয়া আহত হয়েছেন।

স্কুল ছুটির পর পড়ুয়াদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য একটি লরি ব্যবহার করা হচ্ছিল। বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ঘরে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। মৃতরা হলেন শীত সরেন, হেরিলাল ওরাওঁ এবং সুরাগ ওরাওঁ।

আহতদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া। তাদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ির পুলিশ সুপার এবং ডিআইজি ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে চা বাগান এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও চা শ্রমিকরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করার কথা থাকলেও তা করা হয়নি, বরং ঝুঁকিপূর্ণভাবে লরিতে করে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *