হালদার ভেঞ্চারের বিশাল বিনিয়োগ: কৃষি-প্রযুক্তি ও কার্বন অপসারণে নতুন দিগন্ত

কৃষি-প্রযুক্তি এবং জলবায়ু-সহনশীল কৃষির প্রসারের উদ্দেশ্যে ইনকিউব টেকনোলজিসে ৩০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে হালদার ভেঞ্চার লিমিটেড। শতবর্ষী এই সংস্থাটি, যা ১৯২৪ সাল থেকে চাল ও ভোজ্য তেলের ব্যবসায় যুক্ত, এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে তাদের ঐতিহ্যবাহী ব্যবসার বাইরে গিয়ে কার্বন অপসারণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ক্ষেত্রে প্রবেশ করছে।
এই নতুন উদ্যোগের ফলে বাংলা, বিহার ও ঝাড়খণ্ড জুড়ে প্রায় ৫ লক্ষ কৃষক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এই যৌথ প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ডি-এমআরভি (ডিজিটাল মেজারমেন্ট, রিপোর্টিং অ্যান্ড ভেরিফিকেশন), টেকসই কৃষি পদ্ধতি এবং প্রকৃতি-ভিত্তিক কার্বন প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ধান চাষে মিথেন নিঃসরণ কমানো, কৃষি-বর্জ্য থেকে বায়োচার উৎপাদন এবং ম্যানগ্রোভ বনায়নের মতো পরিবেশবান্ধব কৌশল।
এছাড়াও, ‘অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং’ (AWD) পদ্ধতির মাধ্যমে জল ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা কৃষকদের আয় বৃদ্ধিতেও সহায়ক হবে। ইনকিউব টেকনোলজিস আগামী ১০ বছরে ৫ কোটি টনেরও বেশি কার্বন ক্রেডিট তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে ২০ হাজারেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।
হালদার ভেঞ্চার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কেশব কুমার হালদার জানিয়েছেন, তাদের শতবর্ষী অভিজ্ঞতা এবং ইনকিউব টেকনোলজিসের প্রযুক্তিগত দক্ষতা একত্রিত হয়ে কৃষি মূল্য শৃঙ্খলকে আরও শক্তিশালী ও সম্পদ-সাশ্রয়ী করে তুলবে। এই বিনিয়োগের ফলে পণ্যের উৎস শনাক্তকরণ এবং রাসায়নিকমুক্ত ধানের সরবরাহ নিশ্চিত করা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।