হরমুজ কাণ্ডে ইরান কি এবার ভারতের কাছে নতিস্বীকার করল!
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানি নৌসেনার গুলি, ভারত-ইরান সম্পর্কে সাময়িক উত্তেজনা
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ভারতীয় বাণিজ্যিক জাহাজে ইরানি নৌসেনার গুলিবর্ষণের ঘটনায় ভারত ও ইরানের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরাক থেকে জ্বালানি তেল নিয়ে ফেরার পথে ওমান উপকূলে ভারতের ‘জাগ অর্ণব’ ও ‘সামনার হেরাল্ড’ নামের দুটি জাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে ‘জাগ অর্ণব’ জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য জাহাজটি সুরক্ষিত রয়েছে। প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল নিয়ে জাহাজ দুটি ভারতের দিকে আসছিল।
এই ঘটনার পর ভারতের বিদেশমন্ত্রক দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে। বৈঠকে ইরান দাবি করে যে, হামলাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। তারা জানায়, দুই দেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কোনও ফাঁক তৈরি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, নিরাপত্তার স্বার্থে ভারত আগেই ২১টি জাহাজের তালিকা ইরানের হাতে তুলে দিয়েছিল, যার মধ্যে আক্রান্ত জাহাজ দুটিও অন্তর্ভুক্ত ছিল।
উত্তপ্ত পরিস্থিতির মাঝেও ইরান দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। ইরানি রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন যে, ভারত ও ইরানের সম্পর্ক অত্যন্ত গভীর এবং ভবিষ্যতে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলি যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের ঘটনা জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।