দলের টাকায় নির্বাচনে জয়ী হয়েই বিশ্বাসঘাতকতা? সন্দীপনকে তোপ কুণালের!

তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে দলের তহবিলের অর্থের উৎস নিয়ে বিতর্ক চরমে উঠেছে। এই পরিস্থিতিতে দলের অ্যাকাউন্ট থেকে যাবতীয় লেনদেন বন্ধ রাখার জন্য এইচডিএফসি ব্যাংকে চিঠি দিয়েছেন তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। অন্যদিকে, দলের তহবিলের তদন্তের দাবিতে সরব হয়েছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ। বিদ্রোহী গোষ্ঠীর নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সাধারণ কর্মীদের আইনি সহায়তার জন্য অর্থ না থাকলেও দিল্লি যাত্রায় চার্টার্ড ফ্লাইটের পেছনে চার থেকে সাড়ে চার কোটি টাকা খরচ করা হয়েছে। তিনি সরাসরি এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে আইনি তদন্ত ও এফআইআর করার দাবি জানিয়েছেন।

দলের অভ্যন্তরীণ এই টানাপোড়েনের মধ্যে বিদ্রোহী বিধায়কদের কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিশেষ করে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহাকে নিশানা করে তিনি দাবি করেন, সন্দীপন প্রথমবার নির্বাচনে জেতার জন্য দলের অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন। কুণাল ঘোষের মতে, দলের টাকায় বিধায়ক হয়ে এখন সেই অ্যাকাউন্টেরই তদন্ত চাওয়াটা বিশ্বাসঘাতকতা। আইন অনুযায়ী অবৈধ অর্থে নির্বাচনী খরচ হলে সেই নির্বাচন প্রক্রিয়াও অবৈধ হতে পারে বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন বিধায়ক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন এবং তারা পৃথকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *