হরমুজে বিধ্বস্ত সিঙ্গাপুরের জাহাজ, সংকটে শান্তির ভবিষ্যৎ!
হরমুজ প্রণালীর ওমান উপকূলের কাছে সিঙ্গাপুরের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এভার লাভলি’-তে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ব্রিটিশ নৌবাহিনী ও মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাহাজটি লক্ষ্য করে আচমকা গোলাগুলি চালানো হলে সেটির কন্ট্রোলরুম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা চলার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
সম্প্রতি ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ সতর্ক করেছিলেন যে, তেহরানের আগাম অনুমতি ছাড়া হরমুজ প্রণালী ব্যবহার করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, সেই অবস্থানের প্রমাণ দিতেই এই হামলা চালানো হয়েছে। যদিও এ বিষয়ে ইরান বা আমেরিকা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সিঙ্গাপুরে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা চলার সময় এই আগ্রাসন ভূ-রাজনৈতিক অস্বস্তি তৈরি করেছে, যা চলমান শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।