স্পেনকে না চেনার চরম মাসুল, মার্কিনভূমে চরম অপদস্থ ইগলেসিয়াস!

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝে যুক্তরাষ্ট্রের টেনেসির চ্যাটানুগা শহরে মার্কিন নিরাপত্তারক্ষীদের হাতে চরম হেনস্থার শিকার হয়েছেন স্পেনের তারকা স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর কোচ লুইস দে লা ফুয়েন্তে খেলোয়াড়দের যে একদিনের ছুটি দিয়েছিলেন, সেই অবসরে স্ত্রী মারিয়া ভালেরোকে নিয়ে শহর ঘুরতে বেরিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। কিন্তু ‘অ্যাম্বাসি সুইটস বাই হিলটন’ হোটেলে প্রবেশের সময় নিরাপত্তারক্ষীরা তাঁকে চিনতে না পেরে পথ আটকে দাঁড়ান এবং ইগলেসিয়াস নিজের পরিচয় দেওয়ার পরও তাঁদের কাছে পাস ও পরিচয়পত্র দাবি করেন।

পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত স্প্যানিশ সাংবাদিক ও সমর্থকরা নিরাপত্তারক্ষীদের বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের হস্তক্ষেপে উদ্ধার পান সেল্টা ভিগোর এই স্ট্রাইকার। ফুটবলার সম্পর্কে মার্কিন নিরাপত্তারক্ষীদের অজ্ঞতা ও অতিরিক্ত কড়াকড়ির কারণে ঘটা এই ঘটনাটির ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গুরুত্বপূর্ণ সৌদি আরব ম্যাচের আগে দলের মূল স্ট্রাইকারের এমন অনাকাঙ্ক্ষিত হেনস্থা স্প্যানিশ শিবিরের খেলোয়াড়দের মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *