স্টেশনে এবার বিনামূল্যে স্যানিটারি প্যাড, মহিলাদের সুবিধার্থে রেলের যুগান্তকারী উদ্যোগ!
মহিলা যাত্রীদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনায় রেখে ভারতীয় রেলের পক্ষ থেকে দেশজুড়ে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। এখন থেকে রেল স্টেশনেই সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘণ্টা স্যানিটারি ন্যাপকিন পাওয়ার সুবিধা চালু করা হয়েছে। নর্দান রেলওয়ে এবং ইন্ডাস টাওয়ার্সের যৌথ উদ্যোগে ও ‘নারী সম্মান’ শীর্ষক সিএসআর প্রকল্পের আওতায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।
প্রাথমিকভাবে দিল্লি, ফিরোজপুর, আম্বালা, মোরাদাবাদ এবং লখনউয়ের ১৭৫টি স্টেশনে ৫০০টি অত্যাধুনিক আইওটি প্রযুক্তিচালিত ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। রেলের তথ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে ব্যস্ততম স্টেশনগুলোতে প্রায় ৩ কোটি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা সম্ভব হয়েছে। নারী যাত্রীদের স্বাস্থ্যবিধি উন্নত করা এবং তাদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করতেই এই প্রযুক্তি-ভিত্তিক সমাধান কার্যকর করা হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।