সিট নিয়ে বচসার জেরে প্ল্যাটফর্মেই গণপিটুনি, দিল্লির রেল স্টেশনে প্রাণ হারালেন যুবক!

দিল্লির শাহদরা স্টেশনে ট্রেনের জেনারেল কামরায় ওঠা নিয়ে বচসার জেরে সহযাত্রীদের নির্মম মারধরে পঙ্কজ ধামা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা পঙ্কজ শনিবার সকাল ৬টা নাগাদ শাহদরা স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে হরিদ্বারগামী যোগ এক্সপ্রেস ধরার সময় এই হামলার শিকার হন। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর কামরার গেটে ওঠা নিয়ে অন্য যাত্রীদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, ক্ষিপ্ত সহযাত্রীরা তাঁকে প্ল্যাটফর্মে ফেলে লাথি ও ঘুঁষি মারলে তিনি গুরুতর অভ্যন্তরীণ আঘাত পান।

ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) এক কনস্টেবল পঙ্কজকে ভিড়ের মধ্য থেকে টেনে বের করলেও, মাটিতে পড়ে থাকা অবস্থায় তাঁকে আর কোনো সাহায্য করেননি এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। পরবর্তীতে ওল্ড দিল্লি রেলওয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ডিসিপি (নিউ দিল্লি রেলওয়ে) সচিন শর্মা জানিয়েছেন, বর্তমানে সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল ভিডিওর সূত্র ধরে পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *