সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

আফ্রিকার সাহারা মরুভূমির মালিতে ২০২২ সালে একদল অভিযাত্রী ‘তেঘাজ়া ০০১’ নামে একটি বিরল উল্কাপিণ্ড আবিষ্কার করেন। লবণাক্ত সমভূমি থেকে উদ্ধার হওয়া এই উল্কাপিণ্ডের মোট আটটি টুকরোর ওজন প্রায় ৭৯৮.৫ গ্রাম। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির জ্যোতির্বিজ্ঞানী ইয়াং লিউয়ের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গিয়েছে, এই শিলাখণ্ডটির বয়স অন্তত ৪১০ কোটি বছর। এটি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসা অন্যতম প্রাচীন উল্কাপিণ্ড হিসেবে চিহ্নিত হয়েছে।

গবেষকদের মতে, এই উল্কাপিণ্ডটি মঙ্গল গ্রহের ম্যান্টল থেকে বেরিয়ে আসা ম্যাগমা থেকে তৈরি হয়েছে। এর মধ্যে থাকা জিরকন স্ফটিক বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এর বয়স নির্ধারণ করেছেন। জিরকনকে ‘টাইম ক্যাপসুল’ হিসেবে অভিহিত করে গবেষকরা জানিয়েছেন, এটি মঙ্গলের আদিম ভূত্বক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। বিজ্ঞানীদের অনুমান, মঙ্গলের দক্ষিণ ভাগের উচ্চভূমির কোনো একটি অঞ্চল থেকে এটি ছিটকে মহাকাশে এসেছিল এবং দীর্ঘ সময় পর পৃথিবীতে আছড়ে পড়ে।

বর্তমানে মঙ্গল গ্রহ রুক্ষ ও শুষ্ক হলেও, এই উল্কাপিণ্ডটি এমন এক সময়ের সাক্ষী যখন সেখানে তরল জলের অস্তিত্ব থাকার সম্ভাবনা ছিল। মঙ্গল গ্রহ সৃষ্টির প্রথম ৪০-৫০ কোটি বছরের মধ্যে এই পাথরটি তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই আবিষ্কারটি মঙ্গল গ্রহের প্রাথমিক বিবর্তন এবং হারিয়ে যাওয়া জলের ইতিহাস সম্পর্কে নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *