সান্ধ্য থিয়েটার ট্র্যাজেডি শেষে আদালতের কাঠগড়ায় আল্লু অর্জুন!
হায়দরাবাদের সান্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের সময় ঘটা মর্মান্তিক পদদলিতের ঘটনায় তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনসহ ১৯ জনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন নামপল্লি আদালতের নবম অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট। আগামী সোমবার তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। ২০২৪ সালের ৪ ডিসেম্বর ওই প্রিমিয়ার চলাকালীন থিয়েটারের বাইরে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতিতে এক মহিলার মৃত্যু হয় এবং তাঁর সন্তান গুরুতর জখম হন।
পুলিশের তদন্তে জমা দেওয়া চার্জশিটে থিয়েটার কর্তৃপক্ষের চরম গাফিলতি ও নিরাপত্তা ব্যবস্থার অভাবকে এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশের অভিযোগ, ধারণক্ষমতার অতিরিক্ত দর্শক প্রবেশ করানো হয়েছিল এবং আল্লু অর্জুনের উপস্থিতি সম্পর্কে পুলিশকে আগে থেকে জানানো হয়নি, যা ভিড় ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা তৈরি করে। মৃতা এম রেবতীর স্বামীর দায়ের করা মামলায় মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে আল্লু অর্জুন ১১ নম্বর অভিযুক্ত। এর আগে ১৩ ডিসেম্বর এই ঘটনায় সংশ্লিষ্টতার জন্য তাঁকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে তিনি নিয়মিত জামিন পান।