সর্ষের মধ্যেই ভূত, রাম মন্দিরের অনুদান চুরি করতে ৭০ বার চেষ্টা!
অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের পাঠানো অনুদানের অর্থ চুরির ঘটনায় তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে আসা সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ২৭ এপ্রিল থেকে ৫ জুনের মধ্যে অন্তত ৭০ বার অনুদানের অর্থ চুরির চেষ্টা চালানো হয়েছে। এই ঘটনায় ট্রাস্টের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা ও যোগসাজশের ইঙ্গিত পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে।
তদন্তে ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে আর্থিক লেনদেন, হিসাবরক্ষণ ও নথি সংরক্ষণে চরম গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। দুর্বল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং কর্মকর্তাদের জবাবদিহিতার অভাবে এই চুরি সম্ভব হয়েছে বলে সিটের পর্যবেক্ষণে উঠে এসেছে। সিসিটিভি ফুটেজে মনীশ কুমার যাদব নামে এক সন্দেহভাজনকে বারবার দেখা গেলেও তৎকালীন সময়ে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া কর্তৃপক্ষের উদাসীনতাকে স্পষ্ট করেছে।
এই আর্থিক অনিয়মের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালীসহ মোট আট জনকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের ধারণা, সিটের চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, সনাতন ধর্মের প্রতীক অযোধ্যার মর্যাদা রক্ষায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং ইতিমধ্যে তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে।