সরকারি শিবির থেকে ফেরার পথে সংজ্ঞাহীন বৃদ্ধা, কাঠগড়ায় অব্যবস্থা!
হাওড়ার সাঁকরাইলের আন্দুল এফসিএ মিনি ইনডোরে আয়োজিত সরকারি জনকল্যাণ শিবির থেকে ফেরার পথে শিপ্রা দাস নামের এক প্রৌঢ়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার দুইল্যা গ্রাম পঞ্চায়েতের মিলবাজার এলাকার বাসিন্দা ওই নারী সরকারি পরিষেবা নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর আন্দুল রাজপোল এলাকায় হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। স্থানীয় বাসিন্দা ও স্কুলপড়ুয়াদের সহায়তায় প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও, অবস্থার উন্নতি না হওয়ায় বর্তমানে তাঁকে উলুবেড়িয়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে শিবিরের পরিকাঠামো ও প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও শিবিরে পানীয় জল বা জরুরি চিকিৎসা সহায়তার কোনো ব্যবস্থা ছিল না। অসুস্থ হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনিক কর্মী থাকলেও তাঁদের পক্ষ থেকে কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়নি, শেষ পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে টোটো করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত আয়োজিত এই জনকল্যাণ শিবিরে উপযুক্ত পরিকল্পনার অভাব ও জরুরি পরিষেবার অনুপস্থিতি সাধারণ মানুষের ভোগান্তি ও নিরাপত্তাহীনতাকে স্পষ্ট করে তুলেছে বলে এলাকাবাসী দাবি করেছেন।