সত্তরোর্ধদের জন্য দারুণ সুখবর, আয়ুষ্মান ভারতে আবেদনের নিয়মে বড় বদল!
পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ‘আয়ুষ্মান ভারত যোজনা’র আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যজুড়ে আয়োজিত জনকল্যাণ শিবিরে এই প্রকল্পের সুবিধা পেতে বিপুল সংখ্যক মানুষ আবেদনপত্র জমা দিচ্ছেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর অবশ্যই SPHH, PHH অথবা AAY ক্যাটাগরির রেশন কার্ড থাকতে হবে। প্রকল্পটির আওতায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারীর আধার নম্বর যাচাই করা বাধ্যতামূলক এবং তালিকায় নাম না থাকলে নতুন করে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
সত্তরোর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্পে বিশেষ স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, যার জন্য সাধারণের তুলনায় আলাদা আবেদনপত্র জমা দিতে হচ্ছে। পরিবারের সত্তরোর্ধ্ব সদস্য ও অন্য সদস্যদের ক্ষেত্রে এই আবেদন প্রক্রিয়াটি পৃথকভাবে সম্পন্ন করতে হয়। মূলত প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা এবং বয়োজ্যেষ্ঠদের বিশেষ চিকিৎসার আওতায় আনার লক্ষ্যেই এই নিয়ম নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জনকল্যাণ শিবিরের পাশাপাশি পরবর্তী সময়ে বিডিও অফিস ও পুরসভার মাধ্যমেও এই আবেদন প্রক্রিয়া চলমান রাখার পরিকল্পনা রয়েছে।