শ্যামাপ্রসাদের বাংলায় শেষমেশ শ্যামাপ্রসাদেরই জয়: ইতিহাস ছুঁল বিজেপি, বৃত্ত সম্পূর্ণ হল বঙ্গে

কলকাতা: ইতিহাস যেন এক দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে নিজের ঘরে ফিরল। ১৯৫১ সালে যে আদর্শের বীজ বপন করেছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীর্ঘ পঁচাত্তর বছর পর সেই আদর্শই বাংলার শাসকের আসনে আসীন হতে চলেছে। যে বঙ্গসন্তান ভারতীয় জনসঙ্ঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং যার পরবর্তী রূপ আজকের ভারতীয় জনতা পার্টি (বিজেপি), আজ তাঁরই জন্মভূমিতে তৈরি হতে চলেছে ‘শ্যামাপ্রসাদের সরকার’।

স্মৃতিতে ১৯৫১ ও ১৯৫২-র লড়াই

১৯৫১ সালে যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জনসঙ্ঘের সূচনা করেন, তখন তাঁর লক্ষ্য ছিল জাতীয় সংহতি ও বাংলার স্বাতন্ত্র্য রক্ষা করা। ১৯৫২ সালের সাধারণ নির্বাচনে অবিভক্ত বাংলায় মাত্র দু’টি আসন এবং রাজস্থানে একটি আসন জিতেছিল তাঁর দল। সেই সামান্য সূচনা থেকে পরবর্তী কয়েক দশকে রাজ্যে এই আদর্শ কার্যত প্রান্তিক হয়ে পড়েছিল। দশকের পর দশক বামপন্থা এবং পরে তৃণমূলী রাজনীতির দাপটে কোণঠাসা হওয়া সেই শক্তিই আজ ২০২৬ সালে বাংলার মসনদ দখল করল।

পবিত্র ভূমিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান

রাজনৈতিক মহলের মতে, বিজেপির জন্য এটি কেবল একটি নির্বাচনি জয় নয়, এটি একটি আদর্শগত বিজয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘পবিত্র ভূমি’ হিসেবে পরিচিত এই বাংলায় তাঁর তৈরি দলের সরকার গঠন গেরুয়া শিবিরের কাছে পরম প্রাপ্তি। দীর্ঘ সময় ধরে বাংলায় বিজেপির রাজনৈতিক অস্তিত্ব নিয়ে যে সংশয় ছিল, আজকের ফলাফল সেই যাবতীয় বিতর্কের অবসান ঘটাল।

এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বাংলা

১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টি হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই এই দলের লক্ষ্য ছিল বাংলায় আধিপত্য বিস্তার। অনেক চড়াই-উতরাই পেরিয়ে, কখনও জোটসঙ্গী হিসেবে আবার কখনও প্রধান বিরোধী দল হিসেবে লড়াই করার পর আজ একক শক্তিতে সরকার গড়ার পথে তারা। শ্যামাপ্রসাদের উত্তরসূরিরা আজ নবান্নের দখল নিতে চলেছে, যা ভারতের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল রদবদল হিসেবেই চিহ্নিত হবে।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *