মেসি কাণ্ডে ভরাডুবি শতদ্রুর, স্বস্তিতে অরূপ!

লিওনেল মেসির ভারত সফর ঘিরে সৃষ্ট বিতর্কিত ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পাওয়া আইনি রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাই কোর্ট। একক বেঞ্চের দেওয়া এই সুরক্ষাকবচ বাতিলের আবেদন নিয়ে মামলাকারী শতদ্রু দত্ত আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মুহূর্তে তারা একক বেঞ্চের নির্দেশে কোনো হস্তক্ষেপ করবে না। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, প্রাক্তন মন্ত্রী পুলিশি তদন্তে সবরকম সহযোগিতা করছেন।

সফর-উদ্যোক্তা শতদ্রু দত্তর আইনজীবী দাবি করেন, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তদন্তে কোনো অগ্রগতি নেই। এর পাল্টা হিসেবে প্রাক্তন মন্ত্রীর আইনজীবী মামলার আইনি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত আগামী ২ জুলাই পর্যন্ত মামলার শুনানি মুলতুবি রেখেছে। একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ আগস্ট পর্যন্ত অরূপ বিশ্বাসের রক্ষাকবচ বহাল থাকবে। উল্লেখ্য, গত ডিসেম্বরে মেসির ভারত সফরকে কেন্দ্র করে অব্যবস্থা ও ভাঙচুরের ঘটনায় শতদ্রু দত্ত গ্রেপ্তার হওয়ার পর প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *