পবিত্র গঙ্গায় মদ-মাংসের আসর! গ্রেপ্তার ৫ যুবক!
উত্তরপ্রদেশের বারাণসীতে পবিত্র গঙ্গা নদীর বুকে নৌকার ওপর মদ্যপান ও মাংস রান্নার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে রাতের বেলায় দশাশ্বমেধ ঘাট এলাকার অদূরে মাঝগঙ্গায় নৌকার ওপর ওই যুবকদের প্রকাশ্যে মদ্যপান ও রান্নাবান্না করতে দেখা যায়। তীর্থস্থানে এমন অশালীন আচরণের দৃশ্য ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
অভিযুক্ত পাঁচ যুবক হলেন বারাণসীর রামনগর এলাকার বাসিন্দা দীপক কুমার, অজয় সাহানি, অরুণ কুমার সাহানি, অনুরাগ নিষাদ এবং রাহুল সাহানি। দশাশ্বমেধের এসিপি অতুল অঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন, ভিডিওতে থাকা যুবকদের শীতের পোশাক দেখে এটি কয়েক মাস আগের কোনো ঘটনা বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় সুনির্দিষ্ট মামলা রুজু করে জড়িতদের গ্রেপ্তার করেছে এবং সংশ্লিষ্ট নৌকাটি বাজেয়াপ্ত করেছে। পবিত্র তীর্থস্থানের মর্যাদা রক্ষায় এই ঘটনার পর গঙ্গার ঘাট ও পর্যটকদের ওপর নজরদারি এবং নৌকাবিহারের নিয়মকানুন আরও কঠোর করার ইঙ্গিত দিয়েছে স্থানীয় প্রশাসন।