রাম মন্দিরে দান চুরি, যোগী সরকারকে কড়া ভাষায় আক্রমণ প্রিয়াঙ্কার!
অযোধ্যায় রাম মন্দিরের জন্য সংগৃহীত পবিত্র দানের অর্থ আত্মসাতের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে ‘চরম লজ্জাজনক’ অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। সাধারণ মানুষের বিশ্বাস ও আবেগের অপব্যবহারের অভিযোগ তুলে তিনি যোগী আদিত্যনাথ সরকারের কাছে ঘটনার স্বচ্ছ তদন্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
গত ৭ জুন অনুদানের অর্থ নয়ছয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর উত্তরপ্রদেশ সরকার এ বিষয়ে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে। গত ২৫ জুন SIT-এর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে দায়ের করা মামলার প্রেক্ষিতে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের ২৯ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে, যোগী প্রশাসন জানিয়েছে যে মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।