রাম মন্দিরের ৩,৫০০ কোটির প্রণামী উধাও, সিটের রিপোর্টে তোলপাড়!
অযোধ্যার রামমন্দির নির্মাণ প্রকল্পের তহবিলে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। উত্তরপ্রদেশ সরকারের কাছে জমা দেওয়া বিশেষ তদন্তকারী দলের (সিট) প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহনের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে আটজন নামীয় এবং বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে টিনু যাদব ও অনুকল্প মিশ্রর নাম রয়েছে এবং তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে।
সিটের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে ট্রাস্ট গঠনের পর থেকে মন্দিরে ৩,৫০০ কোটি টাকার বেশি নগদ এবং প্রচুর সোনা-রুপোর গয়না জমা পড়েছে। তবে সংগৃহীত বিপুল এই প্রণামী ও দামী অলঙ্কারের একটি বড় অংশের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না; এমনকি রুপোর তৈরি ভূষণ্ডি কাকও উধাও হয়ে গেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই ব্যাপক অব্যবস্থা ও চুরির ঘটনার প্রেক্ষিতে সিট বর্তমান ট্রাস্ট ভেঙে দিয়ে নতুন পরিচালন পর্ষদ গঠনের সুপারিশ করেছে। এদিকে, এই ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় সভাপতি অলোক কুমার ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।