যোগ দিবস ঘিরে বাংলায় মেগা চমক, গঙ্গাবক্ষে ড্রোন শো থেকে ম্যারাথন!
১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত রাজ্যজুড়ে এই বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কর্মসূচির বিস্তারিত সূচি প্রকাশ করেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১৯ জুন সকাল সাড়ে ৬টা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘রান ফর যোগা’ বা বিশেষ ম্যারাথন অনুষ্ঠিত হবে। এরপর ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে বিকেল সাড়ে ৫টায় গঙ্গাবক্ষে ‘বন্দে যোগম’ নামে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে, যেখানে ৩ হাজার ড্রোনের প্রদর্শনী দেখার সুযোগ পাবেন রাজ্যবাসী। যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে ২১ জুন সকালে কলকাতার ঐতিহাসিক রেড রোডে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ৬টা ১৫ মিনিটে অংশগ্রহণকারীদের জমায়েত এবং তার আধ ঘণ্টা পর মূল যোগাভ্যাস পর্ব শুরু হবে।