মোসাদের নিশানায় পাক সেনাপ্রধান, ইজরায়েলকে মুছে ফেলার হুমকি পাকিস্তানের!
ইজরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ব্রাজিলীয় সাংবাদিক ও ভূ-কৌশলগত বিশেষজ্ঞ পেপে এসকোবারের দাবি, সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা চলাকালীন পাক সেনাপ্রধান আসিম মুনিরসহ প্রতিনিধিদলকে হত্যার ছক কষেছিল ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এই ষড়যন্ত্রের তথ্য জানতে পেরে ওমানের মাধ্যমে ইজরায়েলকে কড়া বার্তা পাঠায় ইসলামাবাদ। যদিও পাকিস্তানি সাংবাদিকরা এই দাবি নস্যাৎ করেছেন, তবুও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
পেপে এসকোবারের ভাষ্যমতে, আমেরিকা ও ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষে ‘ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ নিয়ে জেনেভায় উচ্চপর্যায়ের আলোচনা চলছিল, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন। এই ইরান-আমেরিকা শান্তি চুক্তির বিরোধিতায় মোসাদ ওই হামলার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ রয়েছে। ইসলামাবাদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, তাদের প্রতিনিধিদলকে স্পর্শ করলে ইজরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এই উত্তেজনার পারদ চড়তে থাকায় আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।