তারাতলা বিপর্যয়, ফিরহাদকে তীব্র আক্রমণ শুভেন্দুর! বন্ধ নির্মাণকাজ

কলকাতা: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে ৯ জনের মৃত্যুর ঘটনায় সরাসরি পূর্বতন তৃণমূল সরকার ও কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি দাবি করেন, নকশায় কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও গত ১৭ জানুয়ারি এই গুদামের পরিকল্পনা অনুমোদিত হয়েছিল, যাতে ফিরহাদ হাকিমের সই রয়েছে। এই ঘটনাকে ‘তৃণমূলের পাপ’ বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী পুরসভার তৎকালীন কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্ল্যান অনুমোদনের বিষয়টি পুরসভার বিল্ডিং কমিটি ও টেকনিক্যাল বিশেষজ্ঞদের ওপর নির্ভর করে এবং মেয়রের স্বাক্ষর এক্ষেত্রে কেবল একটি নিয়মমাফিক প্রক্রিয়া।

এই ঘটনার প্রেক্ষাপটে রাজ্য সরকার আগামী চার সপ্তাহের জন্য কলকাতা পুরসভা এলাকা সহ সংলগ্ন বিভিন্ন অঞ্চলে জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অনুমোদিত নির্মাণ নকশা পর্যালোচনার জন্য অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, মৃতদের পরিবারের জন্য রাজ্য সরকার ১০ লক্ষ টাকা ও কেন্দ্রীয় সরকার ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে। আহতদের যথাক্রমে ১ লক্ষ ও ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। উদ্ধারকাজে আধুনিক যন্ত্রপাতির অভাবের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, শেষ পর্যন্ত ভারতীয় সেনার বিহার রেজিমেন্টের ২১৫ জন জওয়ান আধুনিক সরঞ্জাম নিয়ে উদ্ধারকার্য সম্পন্ন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *