মোদী জাদুতে বদলে যাবে বাংলার গ্রামীণ অর্থনীতি!

দুদিনের ঠাসা কর্মসূচিতে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে হুগলি ও কলকাতায় একাধিক মেগা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, আজ হুগলি জেলার তারকেশ্বর থেকে সফর শুরু করে তিনি ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশ নেবেন। একই সঙ্গে রেল, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্য ও পশুপালনের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোটি কোটি টাকার পরিকাঠামো প্রকল্পের সূচনা করবেন তিনি। তারকেশ্বরের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২৩তম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠাবেন। এতে দেশের ৯.৪৪ কোটির বেশি কৃষক উপকৃত হবেন, যার মধ্যে পশ্চিমবঙ্গের ৪৫ লক্ষেরও বেশি কৃষক প্রায় ৯০০ কোটি টাকা পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল এগ্রিকালচার মিশন-সহ একাধিক কৃষি প্রকল্পের সূচনা এবং দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে একটি আধুনিক মৎস্য বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় ৫৯০ কোটি টাকা ব্যয়ে একাধিক রেল প্রকল্প এবং হাওড়ায় ৩০০ শয্যা বিশিষ্ট নতুন ডিভিশনাল রেলওয়ে হাসপাতালের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার’ অধীনে ৪৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সফরের দ্বিতীয় দিন, ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। এরপর তিনি কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এ তৈরি দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন ও কমিশনিং করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *