মোদী আজ রাত ৮.৩০ টায় জাতির উদ্দেশে ভাষণ; বড় ঘোষণার অপেক্ষায় দেশ!
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশেষ বার্তা দিতে পারেন আজ রাতে
আজ শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্নির্ধারণ বিল পাসের ব্যর্থতা এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই ভাষণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত শুক্রবার লোকসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ এবং আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব সংবলিত সংশোধনী বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হয়। এই বিল পতন নিয়ে শুক্রবার ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধীদের তীব্র সমালোচনা করেন এবং তাঁদের ‘নারী ও দলিত বিরোধী’ আখ্যা দেন।
মহিলা সংরক্ষণ বিল ছাড়াও, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং দেশে সম্ভাব্য গ্যাস সংকট নিয়েও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। যদিও সরকার জানিয়েছে যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে, তবুও বাজারে ‘জ্বালানি লকডাউন’-এর মতো গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলতে পারে এমন কোনো গুরুত্বপূর্ণ আশ্বাস বা নতুন নীতি ঘোষণা করতে পারেন বলে অনুমান করা হচ্ছে।