মৃত্যুর মুখ থেকে ফিরে ইতিহাস, প্যানপাটিয়া জয় করে ফিরল ভারতীয় পর্বতারোহীরা!

হিমালয়ের দুর্গম ও রহস্যময় পথ ‘প্যানপাটিয়া কল’ পুনরুজ্জীবিত করে নতুন নজির গড়ল ভারতীয় পর্বতারোহীদের দল ‘হিমালয়ান উইজার্ড’। প্রাচীন লোকগাথা অনুযায়ী, এই পথেই এক সময় পুরোহিতরা কেদারনাথ থেকে বদ্রীনাথে যাতায়াত করতেন, যা কালক্রমে হারিয়ে গিয়েছিল। গত ৩ জুন বদ্রীনাথ থেকে ৫২৬০ মিটার উচ্চতার প্যানপাটিয়া পাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সত্যকি চট্টোপাধ্যায়, অভিষেক ও কৌশিকসহ ১১ জন অভিযাত্রী, ৯ জন পোর্টার ও ৪ জন গাইড। দীর্ঘ দেড় দশক পর এই পথ অতিক্রম করে ৯ জুন সকাল সাড়ে ন’টায় তারা প্যানপাটিয়ার শীর্ষে ভারতের পতাকা উত্তোলন করেন এবং ১০ জুন মধ্যমহেশ্বরে নিরাপদে ফিরে আসেন।

তবে এই অভিযান ছিল চরম প্রতিকূল ও জীবনসংগ্রামের সাক্ষী। যাত্রা পথে তীব্র তুষারঝড় ও দুর্যোগের কারণে দৃষ্টিসীমা শূন্যে নেমে আসায় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে অভিযাত্রীরা স্লিপিং ব্যাগ ছাড়াই খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন। একই সঙ্গে রসদ ফুরিয়ে যাওয়ায় খাদ্য ও জলের তীব্র সংকটে পড়েন তারা। দৈনিক মাত্র ৮০০ মিলিলিটার জল এবং বরফ চিবিয়ে জীবন বাঁচানোর মতো কঠিন লড়াই চালিয়ে শেষ পর্যন্ত দুর্গম কাচনি খাল পার হয়ে ফিরে আসে দলটি। হিমালয়ের পর্বতারোহণের ইতিহাসে এই অভিযান অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *