সোনারপুরের ফ্ল্যাটে তরুণীর রহস্যমৃত্যু, ঘর থেকে বেরোচ্ছিল পচাগন্ধ!
সোনারপুরের বরেন্দ্রপাড়া এলাকার একটি আবাসন থেকে প্রিয়াঙ্কা গায়েন (২৭) নামে এক তরুণীর পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই আবাসনের একটি বদ্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে দেহটি উদ্ধার করা হয়। পেশায় পার্লার কর্মী ওই তরুণী ফ্ল্যাটে একাই থাকতেন। বিগত কয়েকদিন ধরে তাঁর কোনো খোঁজ না মেলায় এবং ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকায় স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অন্তত তিন-চার দিন আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে। মৃতার মোবাইল ফোনটিও গত কয়েকদিন ধরে বন্ধ ছিল। এরই মধ্যে মৃতার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ ও সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত রহস্য উদঘাটনে বর্তমানে তদন্ত চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ।