মুক্তির আগেই সেন্সরের কাঁচিতে ক্ষতবিক্ষত অক্ষয়ের ছবি!
আগামী ২৬ জুন মুক্তির অপেক্ষায় থাকা অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘ওয়েলকাম টু জঙ্গল’ প্রদর্শনের মাত্র চার দিন আগে সেন্সর বোর্ডের কঠোর নির্দেশনার মুখে পড়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটিতে মোট ১৮টি কাটছাঁট করার নির্দেশ দিয়েছে। বোর্ডের এই আপত্তির কারণে ছবির দৃশ্য ও সংলাপে পরিবর্তন এনে অবশেষে ২ ঘণ্টা ৪৪ মিনিট ৫০ সেকেন্ডের এই ছবিটিকে ‘ইউ/এ’ (U/A) ছাড়পত্র দেওয়া হয়েছে।
সেন্সর বোর্ডের আপত্তির মুখে ছবিটির রাজনৈতিকভাবে সংবেদনশীল রূপক ও আপত্তিকর সংলাপগুলো বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ‘কাশ্মীরের জল’ ও ‘দেশের মলমূত্র’-এর মতো সংলাপ পরিবর্তনের পাশাপাশি ‘গোর্খা রেজিমেন্ট’ নাম বদলে শুধু ‘সেনাবাহিনী’ এবং ‘আর্মি জেনারেল’-এর বদলে ‘স্যর’ সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বর্ণবৈষম্য দূর করতে নির্দিষ্ট কিছু সংলাপ পরিবর্তনের নির্দেশ এসেছে। একইসঙ্গে দিশা পাটানি ও জ্যাকলিন ফার্নান্দেজের ১০ সেকেন্ডের বিকিনি দৃশ্য এবং কিছু অশ্লীল অঙ্গভঙ্গিও ছবি থেকে ছেঁটে ফেলা হয়েছে। টানা ফ্লপের কবলে থাকা অক্ষয় কুমারের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ এই ছবির গতি ও কমেডির ওপর বোর্ডের এই কাঁচি কতটা প্রভাব ফেলে, তা নিয়ে এখন তৈরি হয়েছে নতুন জল্পনা।