মিড ডে মিল থেকে ডিম বাদ, বাংলার পাতে কি তবে নিরামিষের ছক!

কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে (ISKCON) দেওয়ার পর থেকে পড়ুয়াদের খাদ্যতালিকা থেকে ডিম বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেছেন, বিজেপি রাজ্যকে ‘নিরামিষভোজী’ করার পরিকল্পনা করছে এবং পুষ্টির দিক থেকে পড়ুয়াদের বঞ্চিত করছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া প্রতিক্রিয়ায় তিনি গেরুয়াবিরোধী প্রচারের প্রসঙ্গ টেনে বিজেপির এই পদক্ষেপকে ‘গুজরাত জিমখানা’র চরিত্রের প্রতিফলন বলে কটাক্ষ করেছেন।

অন্যদিকে, ইসকনের হেঁশেলে সম্পূর্ণ নিরামিষ খাবার প্রস্তুত হওয়ার কারণে মিড ডে মিলে ডিম দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, প্রাণিজ প্রোটিনের অভাব মেটাতে ভাতের সঙ্গে সয়াবিন, পনির, রাজমা ও বিভিন্ন সবজি পরিবেশন করা হবে। মাছ-মাংসের সমপরিমাণ পুষ্টিগুণ নিশ্চিত করার গ্যারান্টিও দিয়েছে তারা। এছাড়া, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কলকাতার স্কুলগুলোতে পাইলট প্রজেক্ট হিসেবে ইসকনের ভালো মানের খাবার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং খাবারের মান নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজন নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *