মালদায় নিজের দলের প্রার্থীকে ভোট না দেওয়ার অদ্ভুত আবেদন, তোলপাড় সর্বত্র!
নির্বাচনের মুখে ‘আমাকে ভোট দেবেন না’, বিতর্কিত আবেদন মানিকচকের প্রার্থীর
আসন্ন বিধানসভা নির্বাচনে মালদহের মানিকচক কেন্দ্রের ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র প্রার্থী মহম্মদ তোহিদুর রহমান নিজের প্রার্থপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন। মালদহ প্রেস কর্নারে এক সাংবাদিক সম্মেলনে তিনি ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন, ইভিএম মেশিনে তার নাম থাকলেও কেউ যেন তাকে ভোট না দেন। দলের চেয়ারম্যান হুমায়ুন কবীরের একটি ভাইরাল হওয়া ভিডিওর প্রসঙ্গ টেনে তোহিদুর রহমান জানান, বিবেক দংশনের কারণেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রার্থীর অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্বের ওই ভিডিওটি দেখে তিনি বুঝতে পেরেছেন যে, সংখ্যালঘুদের বোকা বানানোর একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং তিনি এই কর্মকাণ্ডের অংশীদার হতে চান না। আইনি ও প্রযুক্তিগত জটিলতার কারণে শেষ মুহূর্তে ইভিএম থেকে নাম প্রত্যাহার করা সম্ভব না হওয়ায় ভোটারদের বিভ্রান্তি এড়াতে তিনি অন্য কোনো প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রার্থীর এই আকস্মিক পদত্যাগ এবং ভোটদানের বিরুদ্ধে দেয়া আবেদন নির্বাচনী সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।